ঠাকুর একদিন বৈকালে আমাকে বলিলেন : “চলেন, একটু বেড়াইয়া আসি” তৎক্ষণাৎ বাহির হইয়া পড়িলাম এবং বিডন ষ্ট্রীট ধরিয়া পশ্চিম দিকে চলিয়া সেন্ট্রাল এভেনিউর মোড়ে আসিয়া পৌঁছিলাম। এই রাস্তাটা তখনও ভালভাবে চালু হয় নাই, তথাপি ঠাকুর এই পথেই দক্ষিণ দিকে অগ্রসর হইলেন এবং খানিক দূর যাইয়া বা হাতের একটা গলিতে ঢুকিয়া আবার পূর্ব দিকে চলিতে লাগিলেন, আমিও সঙ্গে সঙ্গে চলিলাম। কিছুদূর আসিতেই “পালান, পালান, মোষ ক্ষেপেছে, মোষ ক্ষেপেছে” একাধিক ব্যক্তির এইরূপ মিলিত চিৎকার কানে আসিল। নিকটেই একটা সঙ্কীর্ণ গলি ছিল, আমি ঠাকুরকে বলিলাম “চলুন, এই গলির ভিতর ঢুুকিয়া পড়ি”। ঠাকুর বলিলেন, “কোন ভয় নাই, এখানেই দাঁড়াইয়া থাকেন।” আমি ঠাকুরের পাশ ঘেঁষিয়া দাঁড়াইলাম, ভয় যে ছিল না এমন কথা বলিলে মিথ্যা কথা বলা হইবে। আধ মিনিটের মধ্যেই দেখিলাম যে একটা প্রকা- মোষ শিং উচাইয়া ক্ষিপ্রবেগে ধাইয়া আসিতেছে। ঠাকুর একদৃষ্টে মোষটার দিকে তাকাইয়া রহিলেন এবং সঙ্গে সঙ্গেই উহার গতি মন্থর হইয়া গেল। আমাদের নিকটে আসিয়া মোষটা একটু দাঁড়াইল, ঠাকুর উহার গায়ে হাত বুলাইয়া দিলেন এবং সে ধীরে ধীরে স্বাভাবিক গতিতে চলিয়া গেল, ক্ষিপ্ততার আর কোন লক্ষণই তাহার মধ্যে দেখা গেল না।
সূত্র- রাম ঠাকুরের কথা।
লেখক- শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়।
জয় শ্রীশ্রী রাম ঠাকুর।
ঠাকুর বলিলেন, “কোন ভয় নাই, এখানেই দাঁড়াইয়া থাকেন।”
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
September 02, 2019
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
September 02, 2019
Rating:



No comments:
sri sri Ramthakur